স্টাফ রিপোর্টার, বগুড়া
স্বামী-স্ত্রীর মধ্যে তালাক নতুন কিছু নয়। তবুও তালাক নিয়ে হরহামেশাই নানা ঘটনা ঘটে। কিন্তু এবারের ঘটনা একটু ভিন্ন। স্ত্রী তালাক দেওয়ায় ক্ষোভে শ্বশুর বাড়িতে সিঁদ কেটে চুরি করলেন জামাই রিজ্জাকুল মন্ডল (২১)। চোরাই পণ্যের মধ্যে ছিল একটি এলইডি টিভি ও একটি ফ্যান।
গত ৮ আগস্ট গভীর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চল্লিশছত্র গ্রামে ঘটনাটি ঘটে। পরে চুরি যাওয়া পণ্যসহ রিজ্জাকুল মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে রিজ্জাকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে রিজ্জাকুল জানান, প্রায় ছয় মাস আগে একই গ্রামের মনজু মিয়ার মেয়েকে বিয়ে করেন তিনি। জামাইয়ের বিরুদ্ধে মাঝে মধ্যেই চুরির নালিশ আসে শ্বশুরের কাছে। এসব ঘটনায় বিরক্ত হয়ে তালাকের মাধ্যমে মেয়েকে ছাড়িয়ে নেন তারা। এতেই শ্বশুরের ওপর ক্ষোভ জন্মে রিজ্জাকুলের। পরিকল্পনা করেন চুরি করার। গত ৮ আগস্ট রাতের কোনো এক সময়ে সিঁদ কেটে ঘরে প্রবেশ করেন। এর পর ২১ ইঞ্চি এলইডি টিভি ও একটি ফ্যান চুরি করে নিয়ে যান। এ বিষয়ে পরের দিন শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন শ্বশুর মনজু মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রিজ্জাকুল মন্ডলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেছেন তিনি। তার দেওয়া তথ্য মোতাবেক চুরি যাওয়া টিভি ও ফ্যান উদ্ধার করে শ্বশুরকে ফিরিয়ে দেওয়া হয়েছে।