স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪জনের মৃত্যু হয়েছে। জেলার দুইটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় ৩৭১টি নমুনায় নতুন করে আরও ২৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৬দশমিক ৪৬শতাংশ। যা গতকাল ছিল ৬ দশমিক ৬২ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক সোমবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
ডাঃ সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন- সদরের পান্না তালুকদার(৫৩)। এছাড়া বাইরের জেলার একজন মারা গেছেন। নতুন একজন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৬৯জন দাঁড়ালো।
ডা. সাজ্জাদ আরও জানান, রোববার মোট ৩৭১টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এছাড়া একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে একজন এবং এন্টিজেন পরীক্ষায় ৪জন করোনা পজিটিভ ছিলেন।
নতুন আক্রান্ত ২৪জনের মধ্যে সদরে ২২ এবং বাকি দুইজন শাজাহানপুরের বাসিন্দা।
ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ১৩৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০হাজার ৩৬৩জন এবং ১০১জন চিকিৎসাধীন রয়েছেন।