স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার কাহালু উপজেলায় যৌতুকের দায়ে স্ত্রীকে হত্যা করায় আব্দুর রাজ্জাক (৪৯) নামে এক ব্যক্তিকে ফাঁসি আরও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১২টায় বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের ০২ এর বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির এই রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী আব্দুর রাজ্জাক পলাতক রয়েছে।
বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের ০২ এর স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, দন্ডিত আসামী ও তার দ্বিতীয় স্ত্রী পূর্ব পরিকল্পনা করে যৌতুকের প্রথম স্ত্রী এলেমা বিবিকে শ্বাসরোধ করে হত্যা করে। ময়নাতদন্তেও একই বিষয় প্রমাণ হয়। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আসামিকে ফাঁসির আদেশ দেন এবং দ্বিতীয় স্ত্রীকে খালাস দেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলার কাহালু উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক তার প্রথম স্ত্রী এলেমা বিবিকে ৪০ হাজার টাকা যৌতুকের জন্য নির্যাতন করতেন। নির্যাতনের এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ২০০৭ সালের ২৪ ডিসেম্বরে নিজ বাড়িতে সকাল সাতটা থেকে আটটার মধ্যে এলেমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে এ বিষয়ে প্রথমে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয় কাহালু থানায়। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার করা হয়েছে এমন রিপোর্ট আসায় নিহত এলেমার বড় ভাই আদালতে হত্যা মামলা করেন। ২০০৮ সালের ৩ মার্চ মামলা হিসেবে তদন্তের দায়িত্ব পুলিশকে দেয়া হয়। এই মামলায় ছয় জনকে অভিযুক্ত করা হয়েছিল।
পুলিশ প্রাথমিক তদন্তের পর ওই বছরের ১৩ জুলাই চার্জশিট গঠন করে আদালতে জমা দেয়। চার্জশিটে আব্দুর রাজ্জাক ও তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে অভিযুক্ত করা হয়। সেই মামলায় শুনানি চলছিল। মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাক জামিন নিয়ে পলাতক।
দীর্ঘ শুনানির শেষে বৃহস্পতিবার সকালে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের ০২ এর বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির বৃহস্পতিবার আদালতে ফাঁসির রায় ঘোষণা করেন।