স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় সাত ও উপসর্গে ছয় জন মারা গেছেন। বুধবার (৪ আগস্ট) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ার বিভিন্ন এলাকার ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয়েছে ৮৭ জনের। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৪৮ জন ও অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৬টি নমুনায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৩৫ শতাংশ। আক্রান্ত ৮৭ জনের মধ্যে বগুড়া সদরে ৫৯, শেরপুরে ১১, শাজাহানপুরে ছয়, দুপচাঁচিয়া ও কাহালুতে তিন জন করে, গাবতলী ও শিবগঞ্জে দুই জন করে এবং নন্দীগ্রামে এক জন রয়েছেন।
সূত্র আরও জানায়, বগুড়ায় এখন পর্যন্ত মোট ১৯ হাজার ২৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৪১ জন। মোট ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন এক হাজার ৩৬০ জন। তাদের মধ্যে হাসপাতালে আছেন ৫২৬ জন।