স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ছাড়া দিন যাচ্ছে না। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। জেলায় করোনারভাইরাস পরিস্থিতির কোন উন্নয়ন হয়নি। সর্বশেষ গত ২৪ ঘন্টায় বুধবার বগুড়ায় করোনায় ৫ ও উপসর্গ নিয়ে আরো ১১ জনসহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।
এর আগের দিন মঙ্গলবার বগুড়ায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়। গত দুই দিনে বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ৩৫ জনের মৃত্যু হলো। আর জেলায় মোট মৃত্যু হয়েছে ৪৪২ জনের।
বুধবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ৬১৫ নমুনার ফলাফলে নতুন করে ১৫৪ জন করোনা শনাক্ত হয়েছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৮০জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৬ নমুনায় ৭ জনের, এন্টিজেন পরীক্ষায় ২৭৫ নমুনায় ৫৩ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪২ নমুনায় ১৪ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৮৮ জন, সারিয়াকান্দিতে ৬, শিবগঞ্জে ২, আদমদীঘি ৬, দুপচাঁচিয়ায় ৬, কাহালুতে ২, নন্দীগ্রামে ১৬, শেরপুরে ৭, ধুনটে ৭, গাবতলীতে ৪ এবং শাজাহানপুরে ১০ নতুন করে আক্রান্ত হয়েছেন।
জেলায় করোনায় মারা যাওয়া ৫ জন হলেন পাবনা জেলার ফজলুর রহমান (৭৫), সিরাজগঞ্জের ওসমান গণি (৯০), বগুড়া সদরের পিন্টু (৫০), আদমদীঘি উপজেলার মোছা: মুসলেমা (৬০) এবং শেরপুর উপজেলার হোসনে আরা (৭৫)। এদের মধ্যে হোসনে আরা টিএমএসএস হাসপাতালে এবং বাকি ৪ জন শজিমেক হাসপাতালে মারা গেছেন।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে ৫ জন নিয়ে মোট ১১ জনের মৃত্যু হয়। করোনা উপসর্গে মারা যাওয়াদের মধ্যে অধিকাংশ বয়স্ক ছিলেন। বগুড়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৫ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৫৬ জন। মোট মৃত্যু ৪৪২ জনের। জেলায় হাসপাতাল ও কোয়ারেন্টাইনসহ মোট চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৪৮৯ জন।