স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া শহরের কলোনি চকলোকমান এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে সহোদর দুই ভাইকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। রোববার রাতে বগুড়া সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার গাবতলী জাইগুলি এলাকার বাদশা মিয়ার পুত্র রবিউল ইসলাম (২০) এবং আরিফুল ইসলাম হাজার (১৯)। তারা উভয়ই শহরের কলোনি চকলোকমান এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে। ছিনতাই ঘটনার শিকার বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর এলাকার খোরশেদ আলমের ছেলে বুলবুল সরকার বাদী হয়ে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীর অপর সহযোগী তরিকুল ইসলাম নামে একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। বগুড়া সদর থানায় অফিসার ইনচার্জ ওসি মোঃ সেলিম রেজা জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।