নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ১৬৮ বস্তা চাল কেলেঙ্কারি মামলায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাবেক সাধারন সম্পাদক আনিছুর রহমান (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার সিমলা গ্রামের তার নিজ বাড়ি থেকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। সে উপজেলার সিমলা গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারন সম্পাদক আনিছুর রহমান খাদ্য অধিদপ্তরের ডিলার ছিলেন। পরে তার ডিলারশিপ মিলন সরদার নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুত করার খবর পেয়ে গত বছরের ১১ এপ্রিল রাতে উপজেলার শিমলা গ্রামে আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানে বাড়িতে ৫৮ বস্তা ও তার গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করে। এসময় র্যাব সদস্যরা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা হয়। আলোচিত এই মামলা তদন্ত শেষে গত বছরের ১০ নভেম্বর বহিস্কৃত আ’লীগ নেতা আনিছুর রহমান, তার সহযোগী আনছার আলী ও চালের ডিলার মিলন সরদারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) বিজ্ঞ আদালতে দাখিল করেন। সেই মামলায় চলতি বছরের গত ৪ এপ্রিল বিজ্ঞ আদালতে হাজির না হওয়ায় আনিছুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। সে থেকে তিনি পলাতক ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (১৭ মে) সন্ধ্যায় চাল কেলেঙ্কারি মামলায় বহিস্কৃত আওয়ামী লীগ নেতা আনছার আলীকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় গত বছর (১২ এপ্রিল) নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক থেকে আনিছুর রহমান ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলীকে বহিস্কার করা হয়।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, চাল কেলেঙ্কারি মামলায় ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।