স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় হুট করে করোনার সংক্রমণ বেড়েছে। গেল ২৪ ঘন্টায় ১৯৬টি নমুনার ফলাফলে নতুন করে ২৪জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১২ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ২৪জনের মধ্যে সদরের ২২জন, বাকি দুইজন আদমদিঘী ও গাবতলীর বাসিন্দা। বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি জানান, ১৭মার্চ জেলার দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯১টি নমুনায় ২৩জনের পজিটিভ এবং টিএমএসএস ল্যাবে ৭ নমুনায় একজনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৮৯জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৭৭৬জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৫৩জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬০জন।
ডাঃ তুহিন জানান, সবার মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমে গেছে। অনেকেই মাস্ক পরছে না। যার কারণে বগুড়ায় করোনার সংক্রমণ বাড়বে। তাই সবাই যদি সচেতন না হয় তবে সামনের দিনগুলো আরও খারাপ হবে।