স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার সদর উপজেলায় ছুরিকাঘাতে রশিদুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তিনদিনের মাথায় এজাহারভুক্ত দ্বিতীয় আসামী সিয়াম (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে বগুড়া শহরতলী তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিয়াম সদর উপজেলার মালতীনগর নামাপাড়া এলাকার নবাব আলীর ছেলে।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্বৃত্বদের ছুরিকাঘাতে রশিদুল নিহত হন। এ ঘটনায় তার ভগ্নিপতি বছিরও আহত হয়েছে। নিহত রশিদুল সদর উপজেলার রহমান নগর এলাকার মৃত জাহেদুল ইসলাম লালুর ছেলে। তিনি শহরের জলেশ্বরীতলা এলাকায় জব্বার ক্লাব মোড়ে ফ্লেক্সিলোড ব্যবসায়ী ছিলেন। সেসঙ্গে তিনি একাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে রশিদুলের ভাগ্নে শান্ত (১২) টাউন স্কুল মাঠে খেলাধুলা করছিল। এসময় কয়েকজন কিশোর তাকে মারধর করে। তার ভাগ্নেকে মারধর করার দৃশ্য দেখে মারধরকারী কিশোরদের সঙ্গে কথা বলছিলেন রশিদুল। এসময় তার ভগ্নিপতি বছির ছেলেকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। সেখানে তর্ক-বিতর্রে একপর্যায় মারধরকারী কিশোররা রশিদুলের এবং বছিরের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রশিদুল মারা যান।
এ ঘটনার পর বুধবার (১৪ অক্টোবর) সকালে নিহত রশিদুলের স্ত্রী কেয়া খাতুন বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন- বগুড়া সদর উপজেলার মাতলতিনগর এলাকার বাসিন্দা রুমেল ভুইয়ার ছেলে সামাইল মাহাদী ভুইয়া (১৯) ও সিয়াম (১৯)। প্রাথমিক ভাবে সিয়ামের বাবার নাম পরিচয় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রেজাউল করিম রেজা জানান, রশিদুল হত্যার ঘটনায় তার স্ত্রী থানায় দু’জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার রাতে শহরতলীর তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এ হত্যাকান্ডের ঘটনায় এজাহারভুক্ত দ্বিতীয় আসামী সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্প্রিক্ততার কথা স্বীকার করেন।
এ হত্যা মামলার প্রধান আসামী মাহাদীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।