শিরোনাম :

বার সমিতির অর্থ নয়-ছয়
বগুড়া আ’ লীগ, বিএনপি ও জামায়াতের তিন নেতা আজীবন নির্বাচনে নিষিদ্ধ
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

আজীবন নির্বাচনে নিষিদ্ধ তিন নেতা হলেন সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লুৎফে গালিব আল জাহিদ মৃদুল এবং সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি-জামায়াত সমর্থিত অ্যাডভোকেট মোজাম্মেল হক।

 

বগুড়া অ্যাডভোকেটস্ বার সমিতির ফান্ডের অর্থ আত্মসাত করায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক পিপি একেএম সাইফুল ইসলামসহ তিনজনকে সমিতির নির্বাচনে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আত্মসাৎ ও আর্থিক ক্ষতির টাকা পরিশোধের নির্দেশ ও এক সপ্তাহের জন্য তাদের সদস্য পদও স্থগিত করা হয়েছে।

 

বুধবার সন্ধ্যায় সমিতির সাধারণ সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

 

বার সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

অভিযুক্ত অন্য দু’জন হলেন আওয়ামী লীগ সমর্থিত সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফে গালিব আল জাহিদ মৃদুল ও বিএনপি-জামায়াত সমর্থিত সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক।

 

বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্ভরযোগ্য সূত্র জানায়, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম সাইফুল ইসলাম ২০১৮ সালে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বার ভবনের সামনে প্রবেশ পথে টিনের ছাউনি নির্মাণ, ড্রেনের স্লাব, লাইব্রেরিতে বিদ্যুতের কাজ, সিমেন্ট  ক্রয়, বৈদ্যুতিক ডাবল লাইনের সংযোগসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেন। তবে বৈদ্যুতিক ট্রান্সফরমার ক্রয় দেখানো হলেও নেসকো এর বিনিময়ে কোনও টাকা নেয়নি। কিন্তু এ বিষয়ে বিল করায় তখন তার বিরুদ্ধে পাঁচ লাখ ২৬ হাজার ৫২২ টাকা আত্মসাতের অভিযোগ উঠে। সাধারণ সভায় তাকে শোকজ, দায়িত্ব পালন থেকে বিরত থাকাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় তদন্ত কমিটি ও অডিট টিম অভিযোগের সত্যতা পায়।

 

অন্যদিকে, ২০১৭ সালে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের লুৎফে গালিব আল জাহিদ মৃদুল সভাপতি ও জামায়াত-বিএনপি সমর্থিত প্যানেলের মোজাম্মেল হক সাধারণ সম্পাদক ছিলেন। তারা ওই সময় সমিতির বিপুল অংকের টাকা সমিতির সিদ্ধান্তের বাইরে নিজেদের পছন্দে ব্যাংক এশিয়াতে সঞ্চয় করেন। সেখানে কম সুদে টাকা জমা রাখায় সমিতির এক লাখ তিন হাজার টাকার ক্ষতি হয়।

 

বগুড়া অ্যাডভোকেটস্ বার সমিতির সভাপতি গোলাম ফারুক জানান, বুধবার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা, সাতদিনের সদস্য পদ স্থগিত ও নির্বাচনে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

এছাড়া সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফে গালিব আল জাহিদ মৃদুল ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হককে যৌথভাবে এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের সদস্য পদ সাতদিন স্থগিত ও সমিতির নির্বাচনে তাদের আজীবন নিষিদ্ধ করা হয়। আগামী সাতদিনের মধ্যে তাদের জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট লুৎফে গালিব আল জাহিদ মৃদুল ফোন না ধরায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অ্যাডভোকেট মোজাম্মেল হক জানান, তাদের বিরুদ্ধে আইনবহির্ভূত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে তারা শিগগিরই আপিল করবেন।

 

বুধবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক।

 

অন্যান্যের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পিপি আবদুল মতিন, সাবেক পিপি রেজাউল করিম মন্টু, অ্যাডভোকেট আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023