স্টাফ রিপোর্টার, ঢাকা
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ পাঁচজনের জামিন মঞ্জুর হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক মোহাম্মদ জসিম।
আনিসুল হক ছাড়া জামিন পাওয়া অন্যরা হলেন- কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহ পরাণ তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।
জামিন আবেদনের পক্ষে আদালতেক শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজী, প্রশান্ত কর্মকার ও আমিনুল গণী টিটো। এর আগে বুধবার একই আদালত এই পাঁচজনকে পলাতক দেখিয়ে তাদের মালামাল জব্দের আদেশ দিয়েছিলেন।
গত ১ নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আবরার। গত ৬ নভেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন আবরার বাবা মুজিবুর রহমান।