স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ৩১২নমুনার ফলাফলে আরও ৪৫জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৪দশমিক ৪২শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৬ হাজার ৩৯১জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ৬৪জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৩০৪জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে একজন মারা যাওয়ায় মৃত্যু হয়েছে মোট ১৪৯জনের। মারা যাওয়া ব্যক্তির নাম সাইফুল বাবু(৬০)। তার বাড়ি শহরের আটাপাড়া এলাকায়। তিনি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার সকাল ১১টায় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম ২৫ আগস্ট মঙ্গলবার জেলার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩১২টি নমুনার ফলাফল বিশ্লেষণ তুলে ধরেন।
ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ২৯০টি নমুনার মধ্যে ৩৬টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ২২টি নমুনায় পজিটিভ আসে আরও ৯জনের।
ব্রিফিংয়ে জানানো হয়, নতুন আক্রান্ত ৪৫জনের মধ্যে পুরুষ ২৭জন, নারী ১৫জন এবং বাদবাকি ৩জন শিশু।
এদের মধ্যে সদর উপজেলার ৪০জন। অন্যান্য উপজেলার মধ্যে- শাজাহানপুর ২জন, শিবগঞ্জ, দুপচাঁচিয়া ও গাবতলীতে একজন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে।