স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় নতুন করে আরও ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৬ হাজার ছাড়াল।
জেলায় এ পর্যন্ত মোট ৬ হাজার ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪ হাজার ৮৮৪ জন সুস্থ হয়েছেন। আর বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও দু্ইজনের মৃত্যুতে জেলায় এ পর্যন্ত মোট ১৩৬ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর সকাল ১১টায় জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি ব্রিফ করেন। এ সময় তিনি বুধবার জেলার দু’টি পিসিআর ল্যাবে করা ৩০৫টি নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৫৪। সুস্থতার হার ৮১ দশমিক ০৮। তবে মৃত্যুর হার ২ দশমিক ২৫।
ব্রিফিংয়ে জানানো হয়, বগুড়া সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ২৯০টি নমুনার মধ্যে ৭৫টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ১৫টি নমুনায় পজিটিভ আসে আরও নয়জনের।
ডা. ফারজানুল ইসলাম বলেন, নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের আপাতত নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে এদের মধ্যে কারও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে।