স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া ৩২১জনের নমুনা পরীক্ষায় ৮৭জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। শনিবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৫জন, ২৫জন নারী এবং বাদবাকি ৭জন শিশু।
বগুড়ার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে সকাল ১১টার ওই ব্রিফিংয়ে অংশ নেন বগুড়া সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল ইসলাম নির্ঝর। তিনি ১৪আগস্ট, শুক্রবারে ৩২১ নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন।
ওই ব্রিফিংয়ে জানানো হয়, নতুন করে ৮৭জন সহ জেলায় এ পর্যন্ত ৫হাজার ৬৭৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৯জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৪ আগস্ট পর্যন্ত মোট ৪ হাজার ৪৮৭জন করোনাকে জয় করেছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মারা যাওয়ার সংখ্যা ১২৫জনে দাঁড়িয়েছে।
ডা. ফারজানুল ইসলাম জানান, জেলায় সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে শুক্রবার মোট ৩২১জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শজিমেকে পরীক্ষা করা ২৮২টি নমুনার মধ্যে ৭১টি পজিটিভ এবং টিএমসির পিসিআর ল্যাবে ৩৯টি নমুনায় পজিটিভ আসে আরও ১৬জনের।
৮৭জনের উপজেলাওয়ারী তথ্যে সদর ৬৭জন, গাবতলী ৫জন, সারিয়াকান্দি ৪জন, কাহালু ৪জন,শাজাহানপুর ৩জন, দুপচাঁচিয়া ২জন এবং নন্দীগ্রাম ২জন করোনায় আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্ত ৮৭বয়সভিত্তিক বিশ্লেষণে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে সর্বাধিক ৪০জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬জন, ২৪জনের বয়স ৫১ থেকে ৭০ বছরের মধ্যে এবং বাদবাকি একজনের বয়স ৭০ বছরের উপরে।
ডা. ফারজানুল ইসলাম বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে।