স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় নতুন করে ৯০জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৯২জনে দাঁড়ালো। একই সময়ে নতুন করে সুস্থও হয়েছেন ১৯৬জন। এই নিয়ে জেলায় করোনা থেকে মোট সুস্থ হলেন ৪হাজার ১৮২জন রোগী। তবে নতুন করে আরও ৩জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যু ১২২জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেবগুড়ার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য উল্লেখ করে জানান, ১০আগস্ট বগুড়ায় পরীক্ষা করা ৩২৬টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০জন। এর মধ্যে পুরুষ ৫২জন, নারী ৩২জন এবং বাকি ৬জন শিশু।
নতুন আক্রান্ত ৯০জনের বয়সভিত্তিক বিশ্লেষণে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ৩৯জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯জন, ৫১ থেকে ৭০ বছরের মধ্যে ২৬জন।
বগুড়ার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম অনলাইন ব্রিফিংয়ে জানান, ১০ আগস্ট, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৮২টি নমুনায় ৭৭জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৩৪টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ১৩টি।
নতুন আক্রান্ত ৯০ জনের মধ্যে সদরে ৭৮জন, আদমদীঘি ৫জন, কাহালু ৪জন, শেরপুর, সোনাতলা ও শিবগঞ্জে একজন করে।
ডা. ফারজানুল ইসলাম আরও জানান, নতুন করে আক্রান্ত ৯০জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে আক্রান্তদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।