স্টাফ রিপোর্টার, ঢাকা
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফ্লাইওভারসহ রাস্তাঘাটের অন্যান্য চলমান উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদের তিন দিন আগ থেকে যানবাহন চলাচল বন্ধ রাখারও আহ্বান জানান তিনি।
আজ সোমবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ঈদকে সামনে রেখে গাজীপুরের সড়ক বিভাগ, গাজীপুরের মেয়র, স্থানীয় সংসদ সদস্য ও আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন।
টঙ্গী হতে গাজীপুর চৌরাস্তা এবং বাইপাস, নবীনগর -চন্দ্রা, ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর-এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়ন হলে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে।’
ঈদের আগের দুই দিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায় তাই বিজিএমই’র সঙ্গে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এ সময় ঈদের আগের তিন দিন মহাসড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ রাখতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সরকার।’ এ বিষয়ে পুলিশ ট্রাফিক বিভাগসহ অন্যান্য সংস্থাসমূহকে গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘না হলে ঈদযাত্রা অনেকের জন্য অন্তিম যাত্রার ঝুঁকি নিয়ে আসবে।’