কাহালু (বগুড়া) প্রতিনিধি
বুধবার বিকেল ৪ টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর ভাগদুবরা এলাকায় একটি সবজি বোঝাই ট্রাকে তল্লাশী ক’রে ১০টি ইন্ডিয়ান পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে বগুড়া আর্ম ব্যাটালিয়ান পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাবু মন্ডলের পুত্র (ট্রাক চালক) কাবিল হোসেন (৩২), জয়পুরহাট জেলার সদর উপজেলার ভাতশা লালীপাড়ার রফিকুল ইসলামের পুত্র মোঃ ছোটন (২৪), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের আজিজুল হকের পুত্র মো সেভেন হোসেন (২৮)। বগুড়া আর্ম ব্যাটালিয়ান পুলিশের অধিনায়ক মোঃ জয়নুল আবেদীন জানান, আমাদের কাছে গোপন তথ্য ছিলো আক্কেলপুর থেকে একটি সবজি বোঝাই ট্রাকের ভিতর মাদক ও অস্ত্র নিয়ে ঢাকায় যাচ্ছে চোরাকারবারীরা। সেই তথ্যের ভিত্তিতে ওই সবজি ট্রাকটি আমরা গ্রেফতার করি। গ্রেফতার কৃত তিনজনের মধ্যে ছোটনের কাছে থাকা একটি ব্যাগের ভিতর থেকে পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলাম জানান, পিস্তল, গুলি, ফেনসিডিল উদ্ধারের বিষয়টি আমাদেরকে আর্ম ব্যাটালিয়ান পুলিশ জানিয়েছেন। তবে এরিপোট লেখার আগ মুহুর্ত পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হওয়া আসামীদেরকে কাহালু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি বলে তিনি জানান।