স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় গত ২৪ ঘন্টায় আরও ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার সকাল ১১টায় স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ্য জানিয়েছেন ।
তিনি বলেন, শনিবার ৩৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৯ জনের করোনা শনাক্ত হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, ১৭ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় নতুন করে ৬৯জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১২০ জনে। একই সময়ে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৪১জন । এ নিয়ে ১৮ জুলাই পর্যন্ত মোট ২ হাজার ১০৬ জন করোনাকে জয় করেছেন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯জন।
ডা. ফারজানুল ইসলাম জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনিবার পরীক্ষা করা ২৮২টি নমুনার মধ্যে ৪৪টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ৫৩টি নমুনায় আরও ১৫ জনের পজিটিভ আসে । তিনি বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে তাদের মধ্যে কারও অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে।