স্টাফ রিপোর্টার, বগুড়া
পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখেও ধান কেটে দরিদ্র কৃষকের ঘরে তুলে দিয়েছে বগুড়া জেলা ছাত্রলীগ। শনিবার ছাত্রলীগ নেতা তৌহিদ আহমেদের উদ্যোগে নন্দীগ্রাম উপজেলার ফজলুর রহমান নামে এক দরিদ্র কৃষকের ঘরে ১৫ কাঠা জমির ধান তুলে দেওয়া হয়।
জানা যায়, নন্দীগ্রামের পন্ডিতপুকুরে ওই কৃষক অভাবের কারণে গোলায় ধান তুলতে পারছিলো না। তখন বিষয়টি ছাত্রলীগ নেতা তৌহিদ আহমেদের নজরে আসে এবং তিনি ওই কৃষকের ধান কেটে মাড়ায় করে দেন। তৌহিদ আহমেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের নির্দেশনায় দেশের অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। অভাবের কারণে যারা ফসলের ধান কাটতে পারছে না তাদের ধান কেটে ঘরে তুলে দেওয়া হচ্ছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ওই কৃষকের ফসল কাটা ও মাড়াইয়ের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আব্দুল বারী, তুহিন হাসান, শফিউল ইসলাম রানা, আবু নাইম এবং পাভেল।