আইসিসিতে বেশি আয় ভারতের, বাংলাদেশের কত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১০ মে, ২০২৩

আইসিসিতে আবারও বড় দান মারলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আগামী ৪ বছরের আয় বণ্টনে সর্বোচ্চ প্রায় ৪০ শতাংশই ঘরে তুলবে ভারত। এ ক্ষেত্রে পুরনো ‘তিন মোড়ল’ নীতি থেকে সরে এলেও অর্থনৈতিক মডেলে সমতা আনতে পারেনি আইসিসি।

ক্রিকেটের ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ জানিয়েছে উল্টো পরবর্তী মডেল অনুযায়ী, আগের মতোই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সম্ভাব্য আয়ের প্রায় সিংহভাগ পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও অন্য দুই ‘মোড়ল’। তবে এই তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে।

আগামী চার বছরে অর্থ্যাৎ ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির সম্ভাব্য আয়ের একটি প্রস্তাবিত মডেল ক্রিকইনফো পেয়েছে। সেখানে বলা হয়েছে এই ৪ বছরে আইসিসির সম্ভাব্য বার্ষিক আয় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে সর্বোচ্চ ৩৮.৫ শতাংশ পাবে বিসিসিআই। অর্থের হিসাবে যা প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ আয় করবে ‘তিন মোড়ল’-এর আরেক সদস্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। থ্রি-লায়ন্সরা ৬.৮৯ শতাংশ তথা ৪১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার নিজেদের ঘরে তুলবে। আরেক মোড়ল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আয়ের দিক থেকে তৃতীয় স্থানে। তাদের সম্ভাব্য বার্ষিক আয় হবে ৩৭.৫৩ মিলিয়ন মার্কিন ডলার (৬.২৫ শতাংশ)।

৩০ মিলিয়নের ওপর আর মাত্র একটি দেশই রয়েছে। এই তালিকায় চার নম্বরে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা পাবে ৩৪.৫১ মিলিয়ন ডলার (৫.৭৫ শতাংশ)। তবে বাংলাদেশসহ বাকি পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিটি ৫ শতাংশের কম আয় করবে।

এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)পাবে ২৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার (৪.৪৬ শতাংশ)। এমনকি নিউজিল্যান্ড (২৮.৩৮ মিলিয়ন), শ্রীলঙ্কা (২৭.১২ মিলিয়ন) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৭.৫০ মিলিয়ন) আয়ের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে। সবচেয়ে কম পাবে আফগানিস্তান (১৬.৮২ মিলিয়ন ডলার)।

এদিকে ১২টি পূর্ণ সদস্যদেশ আইসিসির সম্ভাব্য বার্ষিক আয়ের ৮৮.৮১ শতাংশ পাবে । অর্থের হিসাবে ৫৩২.৮৪ মিলিয়ন ডলার। বাকি ৬৭.১৬ মিলিয়ন ডলার (১১.১৯ শতাংশ) পাবে সহযোগী সদস্যদেশগুলো। যদিও আয়ের এই অংক এখনও নিশ্চিত নয়। বিভিন্ন কারণে এই অংকের হেরফের হতে পারে। কারণ বিভিন্ন ইভেন্ট ও বিজ্ঞাপনী চুক্তি থেকে আরও প্রায় ১ বিলিয়ন ডলার আয় করবে আইসিসি। সেই অর্থও পরে সদস্যদের মাঝে ভাগ করা হবে।

আইসিসির আয়ের সবচেয়ে বড় অংশ আসে মিডিয়া স্বত্ব বিক্রি থেকে। সম্প্রতি প্রথমবারের মতো পাঁচটি ভিন্ন অঞ্চলে এই স্বত্ব বিক্রি করা হয়েছে। যা থেকে প্রায় ৩.২ বিলিয়ন ডলার আয় করবে আইসিসি। এর মধ্যে চার বছরের জন্য একাই ৩ বিলিয়ন ডলার দিচ্ছে ভারতের ‘ডিজনি স্টার’। সবমিলিয়ে আইসিসির আয়ের প্রায় ৭০-৮০ শতাংশ আসে ভারত থেকেই। তবে এবার ভারতের বাইরে থেকে মোটা অঙ্কের অর্থ আয় করতে যাচ্ছে আইসিসি। বিশেষ করে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে। এসব দেশে মিডিয়া স্বত্ব বিক্রি ও টুর্নামেন্ট আয়োজন করে প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয় করবে আইসিসি।

আইসিসির বর্তমান মডেলটি ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অর্থাৎ ৮ বছরের জন্য করা হয়েছিল। ২০১৫-২০২৩ সাল পর্যন্ত আইসিসি তাদের টিভি স্বত্ব স্টার ইন্ডিয়ার কাছে বিক্রি করে। যার ২২.৮ শতাংশ পাচ্ছে ভারত একাই। আট বছরে যার পরিমাণ দাঁড়াবে প্রায় ৪০৫ মিলিয়ন ডলার। যা আগে ছিল ২৯৩ মিলিয়ন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ পায় ইংল্যান্ড ৭.৮ ভাগ। জিম্বাবুয়ে বাদে বাকি দেশগুলো পাবে ৭.২ ভাগ। যার আর্থিক মূল্য প্রায় ১২৮ মিলিয়ন ডলার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023