উপনির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে মিথ্যাচার করেছেন ফখরুল, দাবি কাদেরের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনে গত বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে ভোট পড়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে ‘বুধবারের উপনির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করেছেন। মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে তিনি জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন।’

আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) বিএনপির করা এক হিসাব তুলে ধরে বলেছেন, উপনির্বাচনে ভোটার উপস্থিতি ৫ শতাংশের বেশি হয়নি, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। মির্জা ফখরুল হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এ ধরনের নির্লজ্জ মিথ্যাচার করেছেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রকৃতপক্ষে প্রচণ্ড শীত ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা এ উপনির্বাচনেও ভোট দিতে এসেছিলেন। সবগুলো উপনির্বাচনে ২৫ শতাংশের বেশি ভোটাররা ভোট দিয়েছেন। এমনকি ঠাকুরগাঁও-৩ আসনেও ভোটার উপস্থিতি ছিল ৪৫ শতাংশের মতো।’

ওবায়দুল কাদের বলেন, ‘উপনির্বাচনে যেহেতু সরকার পরিবর্তনের কোনো ব্যাপার থাকে না, তাই জাতীয় নির্বাচনের তুলনায় এটা নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ কম থাকে। স্পষ্টভাবে বলা যায়, জাতীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে এবং মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দেবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023