সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালুর নির্দেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও শিক্ষক সংখ্যা এবং দূরত্ব বিবেচনায় ডাবল শিফটের পরিবর্তে এক শিফট চালুর নির্দেশনা দিয়েছে সরকার। কাছাকাছি থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো একীভূত করার উদ্যোগের অংশ হিসেবে এ নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বুধবার সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এই নির্দেশ পাঠিয়েছে। এ জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনাও দেয়া হয়েছে তাদের।

জানা গেছে, ছাত্র ও শিক্ষক সংখ্যায় ভারসাম্যহীনতা, দূরত্ব, শিফট ইত্যাদি বিবেচনায় কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় একীভূত করার জন্য সম্প্রতি সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটি করার জন্য মন্ত্রণালয়ের যুক্তি ছিল, ছাত্র কম শিক্ষক বেশি, শিক্ষক কম ছাত্র বেশি- এমন ভারসাম্যহীনতা কোথাও কোথাও আছে। কাছাকাছি থাকা স্কুলগুলো যদি একীভূত করা যায়, তাহলে ছাত্রদের শিখন ঘণ্টাও বেশি হবে।

মন্ত্রণালয় জানায়, যেখানে দুই সিফট, সেখানে শিখন ঘণ্টা কম। যেখানে শিক্ষার্থী বেশি, সেখানে শিফট চালু করতে হয়েছে, সেই স্কুলগুলোর শিফট একীভূত করে দেয়া হয়েছে। এখন সেই স্কুলগুলোতে শিফট নেই।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনায় বলা হয়, যেসব বিদ্যালয়ে বর্তমানে পর্যাপ্ত সংখ্যক ব্যবহারযোগ্য শ্রেণিকক্ষ ও শিক্ষক আছেন, সেসব বিদ্যালয়ে অবিলম্বে সিঙ্গেল শিফটে পাঠদান পরিচালনার ব্যবস্থা নিতে হবে। যেসব বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও শিক্ষক নেই অথবা উভয় ক্ষেত্রেই ঘাটতি আছে; এমন কাছাকাছি অবস্থিত (সর্বোচ্চ ১ কিলোমিটার দূরত্বের) দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পাঠদানের ক্ষেত্রে একটি সমন্বিত কার্যক্রম চালু করতে হবে। এক্ষেত্রে গ্রহণযোগ্য দূরত্বের বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা এবং বিদ্যালয়ের ব্যবহারযোগ্য শ্রেণিকক্ষের তথ্য বিশ্নেষণ করে পাশাপাশি দুটি বিদ্যালয়ে দুই ভাগ করে এক শিফট পরিচালনা করতে হবে।

দুটি বিদ্যালয়ের মাঝে শ্রেণি বিভাজনের ক্ষেত্রে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত একটি বিদ্যালয়ে এবং অন্যটিতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনার ব্যবস্থা নিতে হবে। স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন জনবলের মাধ্যমে সরেজমিন পরিদর্শন করে এক শিফট চালুর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা নেয়া যেতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023