জোড়া শিকার তাইজুলের, দিনের শুরুতেই বিপদে ভারত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

আগের দিন শেষ বিকেলে বেশ কয়েকবার ভাগ্যগুণে বেঁচে যায় ভারত। তবে ধীরগতিতে এগিয়ে চলা ভারতের ওপেনিং জুটিটা খুব বড় হয়নি। সকাল সকালই আঘাত হানলেন তাইজুল ইসলাম। শুধু জুটি ভাঙা নয়, জোড়া উইকেট শিকার করেছেন টাইগার স্পিনার।

তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। ইনিংসের ১৪তম ওভারে প্রথম উইকেট হারিয়েছে ভারত। ভেঙেছে ২৭ রানের উদ্বোধনী জুটি।

আম্পায়ার অবশ্য আউটটি দিতে চাননি। রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, বল রাহুলের (১০) মিডল অ্যান্ড লেগ স্টাম্পে আঘাত করতো।

নিজের পরের ওভারে আরেকটি এলবিডব্লিউ তাইজুলের। এবার সুইপ করতে গিয়ে বল মিস করেন শুভমান গিল (২০)। আবেদনে আঙুল তুলে দিতে দেরি করেননি আম্পায়ার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। চেতেশ্বর পুজারা ১০ আর বিরাট কোহলি শূন্য রান নিয়ে ব্যাটিংয়ে।

এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশকে ২২৭ রানে গুটিয়ে দিয়ে প্রথম দিন শেষে ৮ ওভার খেলে বিনা উইকেটে ১৯ রান তোলে ভারত। লোকেশ রাহুল ৩ আর শুভমান গিল ১৪ রানে অপরাজিত ছিলেন।

তাসকিন আহমেদ ইনিংসের প্রথম ওভার শুরু করেন মেইডেন দিয়ে। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই প্রায় উইকেটের দেখা পেতে যাচ্ছিলেন সাকিব। শুভমান গিলের ড্রাইভ একটুর জন্য পয়েন্টে ক্যাচ হয়নি। পরের ওভারে এজ হয়ে কিপারের পাশ দিয়ে চলে যায় বল, আবার বাঁচেন গিল।

সপ্তম ওভারের দ্বিতীয় বলে তাসকিনের বলে আরেকবার সুযোগ তৈরি হয়। বল ব্যাটে লেগে উইকেটের পেছনে গেছে মনে হওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু আলট্রাএজে দেখা যায় এমন কিছুই হয়নি।

তার ঠিক পরের ওভারে সাকিবের এলবিডব্লিউ আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নেন রাহুল। এবারও বেঁচে যান তিনি। দেখা যায় বল স্টাম্পের ওপর দিয়ে চলে যেতো। এভাবেই বারকয়েক ভাগ্যের সহায়তায় বেঁচে প্রথম দিন শেষ করেছিল ভারত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023