চ্যাম্পিয়নদের জন্য বিমানবন্দরে কঠোর নিরাপত্তা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

আর মাত্র ঘণ্টা দুয়েকের অপেক্ষা। দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশের ইতিহাসগড়া মেয়েরা। সব আনুষ্ঠানিকতা সেরে বিমানবন্দর থেকে বাইরে বের হতে লেগে যাছে আরও কিছুক্ষণ সময়।

বিমানবন্দর থেকে বাইরে বের হওয়ার পর তাদের জন্য রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে ও আশপাশের জায়গায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার সকাল থেকেই দায়িত্ব পালন করছেন তারা।

এখনও প্রায় দুই ঘণ্টা বাকি থাকলেও, চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে ভিড় জমাতে শুরু করেছেন দেশের ক্রীড়াপ্রেমীরা। এরই মধ্যে সংবাদমাধ্যমের সরব উপস্থিতি ছাড়াও বিমানবন্দরে ঢোকার মুখে দেখা যাচ্ছে উল্লসিত জনতার জমায়েত। যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বর্ণকন্যাদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয় ও বাফুফের কর্তারা। তবে সেখানে থাকবেন না বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন।

বিমানবন্দরে সংবর্ধনা পর্ব শেষ করে ছাদখোলা বাসে মতিঝিলস্থ বাফুফে ভবনের উদ্দেশে রওনা করবেন ফুটবলাররা। তাদের আগে পিছে থাকবে মিডিয়া, নিরাপত্তা বাহিনী আরও কতো উৎসুক মানুষ। বাসের ছাদে দাঁড়িয়ে তারা দেখতে পাবেন রাস্তার দুই পাশের হাজার হাজার মানুষ করতালি দিয়ে স্বাগত জানাচ্ছে চ্যাম্পিয়নদের।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ শিরোপা জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপের। বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলে সবগুলো জিতেছে। ২৩ গোল করে হজম করেছে একটি। হার না মানা নারী ফুটবল দলের অন্যরকম দেশে ফেরার অপেক্ষায় সবাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023