স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার আদমদীঘিতে স্কুলছাত্রীদের উত্যক্ত, প্রেম প্রস্তাব ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই বখাটে আটকের একজনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১০ দিনের জেল হওয়া বখাটের নাম জামিল হোসেন(১৯)। সে আদমদীঘির শালগ্রাম বাউস্ত‹পাড়ার আলতাফ আলী খা-এর ছেলে। শনিবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় এ দণ্ডাদেশ দেন। তবে আটক অপরজন রনি(১৯) কে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আটককৃত দুই বখাটে কিশোর প্রায় দিন স্কুল ও কলেজে যাতায়াতের সময় রাস্তার মোড়ে মোড়ে ও মোটরসাইকেল যোগে ছাত্রীদের প্রেম নিবেদনসহ উত্যক্ত করে আসছিল। শনিবার বেলা সাড়ে ১১ টায় কুসুম্বী গ্রামের এক ছাত্রী আদমদীঘি বালিকা বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিতে আসার পথে বিদ্যালয়ের সামনে ওই দুই কিশোর বখাটে ছাত্রীর পথরোধ করে তাকে উত্যক্ত করে। এসময় ৯৯৯-এ ফোন করায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই বখাটেকে আটক করে।