স্পোর্টস ডেস্ক
প্রথমবারের মতো যেকোনো ধরণের বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ ক্রিকেট। মাত্র এক ম্যাচ দূরত্বে অধরা স্বপ্ন। এর আগে বাংলাদেশ ক্রিকেটের কেউ পারেনি। এবার পারবে তো সে স্বপ্ন ছুঁতে! প্রথমবারের মতো গায়ে চ্যাম্পিয়ন তকমা লাগানোর অপেক্ষায় যুবা টাইগাররা।
পচেস্ট্রুমে আজ রোববার ভারতীয় যুবাদের বিপক্ষে ফাইনালে লড়বে বাংলাদেশ। ফাইনালে ইতিহাস গড়তে প্রস্তুত দু’দল। প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি হাতে উদযাপনের স্বাদ নিতে অপেক্ষায় বাংলাদেশ। অন্যদিকে ভারত অপেক্ষায় তাদের ঐতিহ্য সাফল্যমণ্ডিত করতে। ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বের সবচেয়ে বেশি ৪ বার বিশ্বকাপ জিতেছে। গত আসরের চ্যাম্পিয়নও তারাই।
ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী ক্রিকইনফো’কে বলেন, আমরা পুরনো ম্যাচগুলো বিশ্লেষণ করছি এবং তা থেকে শেখার চেষ্টা করছি। আশা করি আমরা ভারতকে হারাবো।
কিন্তু কোটি বাঙ্গালীর ভয় যে, জাতীয় ক্রিকেট দল কিংবা বয়সভিত্তিক পর্যায় যেকোনো টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ দল ভারত হলেই যেনো চাপের কাছে হেরে যায় বাংলাদেশের ক্রিকেটাররা।
এবার যেন সে চাপকেই জয় করতে চান অধিনায়ক। আত্মবিশ্বাসী আকবর আলী বললেন- আমরা এই ফাইনালকে (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) স্বাভাবিক ম্যাচ হিসেবে নিচ্ছি। ফাইনাল ম্যাচ খেলার জন্য ছেলেরা সত্যি অধীর হয়ে আছে। ঘরে ট্রফি নেওয়ার জন্য এটা আমাদের জন্য খুবই ভাল সুযোগ।
পুরো বিশ্বকাপ আসরে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশের যুবারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে ওঠে টাইগার যুবারা। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে ওঠে। এরপর সেমিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠে আকবর আলীরা। সেমিফাইনালে দারুণ এক করেন মাহমুদুল হাসান।
এদিকে ভারতও পুরো টুর্নামেন্ট জুড়ে দাপুটে ক্রিকেট খেলে আসছে। সেমিফাইনালে পাকিস্তানকে ভারত ১০ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। এবার সমস্ত চাপ এক পাশে রেখে ভারতকে হারাতে পারলেই দেশের ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবে আকবর আলীরা।