মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ভারত ত্বরান্বিত করবে এমন আশা করছে বাংলাদেশ। গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে ২০২৫ সালে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা।সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। ভারতীয় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, খুবই ভালো আলোচনা হয়েছে। আমার কাছে সবই ইতিবাচক মনে হয়েছে। তিনি বলেন, ‘আমি কূটনীতিক নই। আমরা বৈঠক করেছি বলা চলে, পাবলিক ফিগারের মতো, জনপ্রতিনিধির সঙ্গে আরেক জনপ্রতিনিধির মতো। উনার সঙ্গে দেখা হওয়ায় আমি খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দেখায় আমার মনে হয়নি যে প্রথমবার আমি উনার সঙ্গে দেখা করছি। আর তিনি খুবই ভালো, খুবই হাম্বল অন দ্য গ্রাউন্ড।’