ভারতের লাদাখে সড়ক থেকে দেশটির সেনাবাহিনীর এক গাড়ি নদীতে ছিটকে পড়েছে। এতে একজন জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) নয়জন সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।
লেহ এর পুলিশ সুপার পিডি নিত্য বার্তাসংস্থা পিটিআইকে জানান, গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল ৪ টা ৪৫ মিনিটে কিয়ারিতে এ দুর্ঘটনা ঘটেছে। লেহ শহর থেকে এটি ১৫০ কিলোমিটার দূরে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেছেন, আহত এক সেনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর একটি বিভাগীয় সদর দপ্তর পূর্ব লাদাখের কিয়ারিতে অবস্থিত।
দেশটির কর্মকর্তা বলেছেন, একটি ট্রাকে করে ১০ জন সেনা যাচ্ছিলেন। তাদের কনভয়ে পাঁচটি গাড়ি ছিল। দুর্ঘটনার পর পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং আহত সেনাদের একটি সেনা মেডিকেলে নিয়ে যায়। সেখানে আটজন সেনাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে আরও একজন মারা গেছেন।
এ নিয়ে হতাহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনি লিখেছেন, লেহ এর কাছে দুর্ঘটনায় আমি ব্যথিত। আমরা ভারতীয় সেনাদের হারিয়েছি। তাদের দেশকে দেওয়া সর্বোচ্চ সেবা জাতি সবসময় স্বরণ করে রাখবে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সেরে উঠুক। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ তাদের অনুকরণীয় পরিষেবা কখনই ভুলবে না।