পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
পাঁচ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা হলেন- গাজীপুরে আজমত উল্লাহ খান, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, খুলনায় বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেক এবং রাজশাহীতে বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে সিলেট, বরিশাল ও গাজীপুরে নতুন তিন জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী (সিলেটে), আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত (বরিশাল) ও আজমত উল্লাহ খান (গাজীপুর)।
গত সিটি নির্বাচনে সিলেট থেকে মনোনয়ন পেয়েছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। তিনি বিএনপির আরিফুলের কাছে হেরে যান। এবার কামরানের স্থলে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলো। বরিশাল সিটিতে বর্তমানে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর স্থলে আওয়ামী যুবলীগের সদস্য খোকন সেরনিয়াবাতকে এবং গাজীপুর সিটিতে বহিষ্কৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্থলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংসদ নির্বাচনের আগে আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা রয়েছে।