রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা শুরু করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ।

দুপুর সোয়া দুইটায় শুরু হয় এই বিজয় শোভাযাত্রা। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বিজয় শোভাযাত্রাটি বের করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শাহবাগ দিয়ে ড. কুদরত ই খুদা সড়ক (এলিফেন্ট রোড) দিয়ে মিরপুর রোড হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।

বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঙ্গে আছেন প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানকসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

 

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের ব্যানারে নেতাকর্মীরা যোগ দিয়েছেন শোভাযাত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী ও অঙ্গসংগঠনের নারী নেত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো। নেতাকর্মীরা কেউ ট্রাকে, কেউ অংশ নিয়েছেন পায়ে হেঁটে। শোভাযাত্রায় দেখা গেছে লাল-সবুজের আবহ।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকায় বিজয় শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ করা হচ্ছে। এই সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা বক্তব্যে বলেন, ৫১ বছর আগে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করা হয়। কিন্তু বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আরেকটি লড়াই দরকার। এই লড়াইয়ের মাধ্যমে তাদের পরাজিত করতে হবে।

 

শোভাযাত্রা উপলক্ষে এর আগে সকাল থেকে স্থানীয় পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুতি দেখা গেছে। একেকজনের গায়ে দেখা গেছে বিজয়ের সাজ। কেউ কেউ নিজেদের জড়িয়েছেন পতাকার আদলে তৈরি পোশাকে। এছাড়া মাথায় পতাকা ও বিজয়ের নানান চিহ্ন এঁকেছেন আওয়ামী নেতাকর্মীরা।

তিনি বলেন, ‘ঐতিহাসিক বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা ঢাকার জনগণকে এই বিজয় শোভাযাত্রায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’ শুক্রবার সকালে ‘বিজয় শোভাযাত্রা’ বাস্তবায়ন ও সফল করতে জরুরি প্রস্তুতি সভা শেষে এসব কথা বলেন নানক।

উল্লেখ্য, রাজধানীর পাশাপাশি সারা দেশে একসঙ্গে এই বিজয় শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023