টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

অপ্রত্যাশিতভাবে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হেরে যাওয়ার কারণে সেমিফাইনালে ওঠার দারুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সামনে। এই ম্যচে যে জিতবে সেই খেলবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ। দু’দলেরই অর্জন চার পয়েন্ট করে। সুতরাং যে জিতবে কোন হিসাব-নিকাশ ছাড়াই তাদের সেমিফাইনাল নিশ্চিত।

অ্যাডিলেড ওভালে এমন সমীকরণের ম্যাচে বাবর আজমের সঙ্গে টস করতে নেমে জিতলেন সাকিব আল হাসান। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা যদি নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে যেতো তাহলে বাংলাদেশের কোনোই সম্ভাবনা থাকতো না। কারণ পয়েন্ট টেবিলে অবস্থান সমান হলেও রান রেটের কারণে পিছিয়ে যেতে হতো টাইগারদের। কারণ, এমনিতেই বাংলাদেশের রানরেট ঋণাত্মক তথা নেগেটিভ। সে ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের রানরেট হিসেব হতো (যদি ভারত জিম্বাবুয়ের কাছে হেরে যেতো)।

নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিদায় করে দেয়ার পাশাপাশি বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে। এই সুবর্ণ সুযোগ লুফে নিতে বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামের পরিবর্তে দলে নেয়া হয়েছে সৌম্য সরকার, এবাদত হোসেন এবং নাসুম আহমেদকে।

ব্যাটিং নেয়ার যুক্তি তুলে ধরে সাকিব বলেন, ‘এখানকার উইকেট দেখছি খুবই শুকনো, ব্যাটিং উপযোগি। আশা করছি বোর্ডে ভালো রান তুলতে পারবো এবং সেটাকে রক্ষা করতে পারবো।’

বাবর আজম বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ধরে রাখতে চাই যে, আগের ম্যাচে ছেলেরা যেভাবে খেলেছে, সেভাবে খেলতে পারলে ভালো কিছু হবে।’

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023