ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল নিউজিল্যান্ড। আসরের চতুর্থ ম্যাচে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে কিউইরা।
আজ মঙ্গলবার ক্রাইস্টচার্চে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান করে। জবাবে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৩.৩ ওভারে ১১৭ রান তোলেন দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। অবশেষে এই জুটি ভাঙেন শাদাব খান। ৪২ বলে একটি চার ও ৬টি ছক্কায় ৬২ রান করে স্টাম্পিং হন তিনি।
তবে ৪৬ বলে ৫টি চারে ৪৯ রানে অপরাজিত থাকেন কনওয়ে। ৯ রান করেন কেন উইলিয়ামসন।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ইফতিখার আহমেদ। আসিফ আলী অপরাজিত ২৫ রান করেন।
কিউই বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান টিম সাউদি, মিচেল স্যান্টনার ও মিচেল ব্রেসওয়েল। ব্রেসওয়েল ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে দুই উইকেট শিকার করে ম্যাচ সেরা হন।
এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল নিউজিল্যান্ড। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪। পাকিস্তান সমান পয়েন্ট নিয়ে দুইয়ে। তলানিতে থাকা বাংলাদেশ কোনো পয়েন্ট পায়নি।