সবাইকে ভুল প্রমাণ করার সুযোগ দেখছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

সাদা পোশাকে সম্প্রতি সময়টা কোনোভাবেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় ছাড়া সাফল্যের মুখ দেখেনি আর কোনো ম্যাচেই। অধিনায়ক হিসেবে সময়টা যেন আর বেশি দুঃসহ ছিল মুমিনুল হকের জন্য। দলের খারাপ পারফরম্যান্সের সাথে নিজের ব্যাটিংইয়েও ব্যর্থতার ছাপ ছিল স্পষ্ট। ব্যাটিংয়ে মনোযোগ দিতেই উইন্ডিজ সিরিজের আগে অধিনাকত্ব ছাড়েন মুমিনুল। মুমিনুলের ছেড়ে দেয়ার পর আবারও বাংলাদেশের নেতৃত্ব উঠেছে সাকিব আল হাসানের কাঁধে। সাকিব বাংলাদশের নেতৃত্ব নিলেন এই নিয়ে তৃতীয়বারের মতো। ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্বের সময়ই সাকিবের নিষেধাজ্ঞায় পড়াতে সাদা পোশাকের দায়িত্ব পেয়েছিলেন মুমিনুল। এবার সেই মুমিনুলের জায়গায় আবার ফিরলেন বাংলাদশের ক্রিকেটের ‘নবাব’ খ্যাত সাকিব আল হাসান।

টেস্টে টাইগারদের নেতৃত্বে ফেরার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনেই সবাইকে ভুল প্রমাণ করার আশার কথা জানালেন সাকিব আল হাসান।

আজ অ্যান্টিগায় উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বুধবার (১৫ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মলনে সাকিব বলেন, টেস্টে বাংলাদেশ যে ভালো দল নয় বলে প্রশ্ন জমেছে, এখনই সুযোগ সবাইকে সেই ভুল প্রমাণ করার।

সাকিব বলেন, ‘টেস্টে সাম্প্রতিক সময়ে ভালো খেলিনি আমরা। এখন সুযোগ সবাইকে ভুল প্রমাণ করার। আমরা আসলেই ভালো করতে পারি। সেখান থেকে সামনে যেতে পারি। এ ম্যাচে ভালো করতে পারলে সিরিজের জন্য ভালো একটি শুরু হবে।’

কাকতালীয় ব্যাপার হচ্ছে, সাকিব প্রথমবার বাংলাদেশ দলের নেতৃত্ব পেয়েছিলেন এই ক্যারবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েই। ২০০৯ সালে মাশরাফির নেতৃত্বে উইন্ডিজ সফরে গেলেও প্রথম টেস্টেই মাশরাফি ইঞ্জুরিতে পড়ায় হুট করেই দায়িত্ব ওঠে সাকবের কাঁধে। সেই সিরিজে পরে সাকিবের নেতৃত্বেই দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়ের ইতিহাস লেখে বাংলাদেশ দল।

প্রায় এক যুগ পর সাকিব এবার বাংলাদেশের অধিনায়ক হিসেবেই পা রেখেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। প্রতিপক্ষ আবার সেই ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালের সুখস্মৃতি কি আবারও ফিরবে সাকিবের হাত ধরে?

সাকিব ভাষায়, ‘ক্যারিবিয়ান আমার হৃদয়ের খুব কাছে। প্রথম এখানে এসেছিলাম ২০০৭ বিশ্বকাপে। সে স্মৃতি সবসময়ই চেরিশ করি আমি। তখন থেকেই আমার হৃদয়ের খুব কাছে এটি। এখানকার মানুষ, আমি এ জায়গা ভালোবাসি অনেক। এখানে আসতে ভালোবাসি। আমি মিস করতে চাই না কখনোই, ওয়েস্ট ইন্ডিজে যখন বাংলাদেশ আসে। আমি এর অংশ হতে চাই।’

পিছনের স্মৃতি ভুলে সাকিব চোখ রাখতে চান আজ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেই। দলের পারফরম্যান্স দিয়ে যেমন সকলকে ভুল প্রমাণ করতে চান তেমন নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘ফিটনেস অনুযায়ী আমি ভালো অবস্থানে আছি। ফর্মের দিক দিয়ে চিন্তা করছি না। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা ম্যাচ গেছে আমার। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমি খুব একটা ভাবছি না। দলীয় পারফরম্যান্স নিয়েই আপাতত ভাবছি।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023