বিজয়কে বিশ্বকাপের ভাবনায় রাখতে বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

প্রিমিয়ার ক্রিকেট লিগ লিস্ট-‘এ’ মর্যাদা পাওয়ার পর এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ডধারী এখন এনামুল। পেছনে ফেলেছেন সাইফ হাসানকে। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে সাইফ ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে রান করেছিলেন ৮১৪।

গতকাল ৮০৫ রান নিয়ে খেলতে নামেন এনামুল বিজয়। ১০ রান করলেই পেছনে ফেলবেন সাইফকে। সেই কাজের কাজটি করেছেন এনামুল। বিকেএসপিতে চার মেরে ইনিংস শুরু করেন এনামুল। পরের ওভারে টানা দুই চারে পেছনে ফেলেন সাইফকে। ৩ উইকেটে হারের ম্যাচে এনামুল খেলেন ৭৩ রানের নান্দনিক এক ইনিংস। ৯১ বলের ইনিংসে ছিল ৬ চার ও এক ছক্কা। সব মিলিয়ে মাত্র তিন ইনিংসে এনামুলের ব্যাট কথা বলেনি। লিগের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে শূন্য করেছিলেন। সেঞ্চুরির ইনিংস রয়েছে শাইনপুকুরের বিপক্ষে ১৮৪ ও রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১২৭। তার ইনিংসগুলো-১২৭ (রূপগঞ্জ টাইগার্স), ৬০ (সিটি ক্লাব), ৫৩ (লিজেন্ড অব রূপগঞ্জ), ৩৩ (খেলাঘর), ১৮৪ (শাইনপুকুর), ১৫ (ব্রাদার্স ইউনিয়ন), ৯৪ (মোহামেডান), ৭৭ (শেখ জামাল), ৮৫ (গাজী ক্রিকেটার্স), ৭৭ (আবাহনী) ও ৭৩ (লিজেন্ড অব রূপগঞ্জ)। এনামুলের পরে দুইয়ে রয়েছেন নাঈম ইসলাম।

ফর্মের তুঙ্গে থাকা বিজয়কে নিয়ে নতুন করে ভাবতে বললেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর পক্ষে মাশরাফি।
বৃহস্পতিবার বিকেএসপিতে সংবাদমাধ্যমকে মাশরাফি বলেন, ‘সামনে টি-২০ বিশ্বকাপ। ওর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ওর সেঞ্চুরি আছে, ফিফটি আছে। অবশ্যই আরও আছে আমি মনে করি ওকে এখনি যত্নআত্তি করা উচিত। যদি কোনো সমস্যা থাকে সমাধান করা উচিত।’

মাশরাফি অবশ্য এখনই জাতীয় দলে নিতে বলছেন না বিজয়কে। ডিপিএলের ভালো করার ফল হিসেবে হাই পারপফরম্যান্স ইউনিট, এ দল, বাংলাদেশ টাইগার্স খেলানোর পরামর্শ নড়াইল এক্সপ্রেসের।

মাশরাফির ব্যাখ্যা, ‘এখান থেকে সরাসরি জাতীয় দল কেন? এখান থেকেও তো আরেকটা ধাপ থাকে। এরপরও কিন্তু আরেকটা লেভেল আছে। এইচপি, এ টিম। কারণ ওই লেভেলটাও তো দেখতে হবে। ওই লেভেলে গিয়ে ও কেমন করছে। সো একটা জায়গা থেকে আমি মনে করি যে এটা যুক্তিসঙ্গত কথা যে এখান থেকে রাডারের নিচে আসা। সেটা খুব গুরুত্বপূর্ণ। আর বিজয়ের কথা আমি এজন্যই বলব যে বিজয়কে এখনি যত্নআত্তি করা উচিত।’

সঙ্গে যোগ করেন মাশরাফি, ‘টার্নিং উইকেট, স্লো উইকেট যেকোনো উইকেটে সে কিন্তু ডোমিনেট করে রান করেছে দিস ইজ এক্সপেকশনাল ব্যাটিং, আপনি যেকোনো লেভেল বলেন। আমাদের ঘরোয়া ক্রিকেট লেভেল কিন্তু বিশেষ করে ডিপিএল অনেক উঁচুমানের। আমি মনে করি যে এখানে বিজয় যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, একটা দলকে যেভাবে টেনে এনেছে ৮০০‍+ রান করেছে। নিশ্চিতভাবে আমি মনে করি তাকে এখনই জাতীয় দলের আশে পাশে আনা উচিত এবং তাকে নিয়ে কাজ করা উচিত।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023