প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচাররোধকল্পে সরকার অনিচ্ছা সত্ত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনঃনির্ধারণ করেছে। শনিবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা সরকার সবসময়ই জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আগামীকাল বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরিবহন মালিক শ্রমিকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন। বৈঠকে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত থাকবে।

তিনি বলেন, মূল্য সমন্বয়ের এই অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসহ সকলকে সতর্ক থাকতে হবে।

পরীক্ষার্থী, চাকরিপ্রার্থী ও পণ্যপরিবহনসহ জন দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান মন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023