শরীয়তপুরে পদ্মা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। রোববার ভোরে শরীয়তপুরের ভেদরগঞ্জে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চরে এ দুর্ঘটনা ঘটে। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তানভীর আল নাসিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলা উত্তর তারাবনিয়া ইউনিয়নের রশিদ দেয়ান কান্দি গ্রামের কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন (২৬), দেওয়ান কান্দি গ্রামের হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩৬) ও চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)।
আর আহত সাগর প্রধানিয়া (২৫) উত্তর তারাবনিয়া ইউনিয়নের মরন আলী ঢালী কান্দি গ্রামের আলী আহমেদ প্রধানিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার ভোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার মাঝের চরে মাছ শিকারে যান জেলেরা। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মহিউদ্দিন, আল আমিন ও নয়ন নামে তিন জেলের মৃত্যু হয়। আহত আরেক জেলেকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. ইউনুস সরকার জানান, বজ্রপাতে তিন জেলে নিহত ও একজন আহত হন। নিহতদের পারিবারিক ভাবে দাফন করা হয়েছে। পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়।