স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার সারিয়াকান্দিতে এক শিশুকে হত্যার দায় আরেক শিশু সৌরভ-এর ওপর চাপানোর ঘটনায় সারিয়াকান্দি থানার সাবেক এসআই নয়ন কুমার মামলার তদন্ত কাজে অংশ নিতে পারবেন না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমান-এর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। আলোচিত এই ঘটনায় অভিযুক্ত এসআই গত ২১ আগস্ট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ‘পুলিশের ভুলে ১২ বছরের শিশুর ঘাড়ে ছোট ভাই হত্যার দায়’ শিরোনামে একটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ যুক্ত করে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী শিশির মনির।