স্টাফ রিপোর্টার, ঢাকা
টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলায় বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। বাধ উপচে পানি প্রবেশ করে তলিয়ে যাচ্ছে একের পর এক নিম্নাঞ্চল। ক্ষতি হচ্ছে ফসলের। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গেলো ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সাত সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি নয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার লোকজন। এছাড়াও কয়েক হাজার একর জমির আমন ও সবজিসহ বিভিন্ন ফসল পানির নিচে চলে গেছে। গবাদিপশু নিয়ে কষ্টে দিনপার করছেন বানভাসি মানুষ। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, যমুনাসহ সকল নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।
এভাবে পানি বৃদ্ধি বলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।