স্টাফ রিপোর্টার, ঢাকা
আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। দেশটিতে এক ধরণের থমথমে অবস্থা বিরাজ করছে। এমন অবস্থায় দেশটির পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এছাড়াও আফগানিস্তানের সকল স্টেকহোল্ডারসহ বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানায়। বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি আঞ্চলিক বা তার বাইরেও প্রভাব ফেলতে পারে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ মনে করে, আফগানিস্তানকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ আর দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য অবদান সৃষ্টিকারী দেশ হিসাবে বাংলাদেশ দেখতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে আফগান জনগণের সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ার সমৃদ্ধিতে একত্রে কাজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নীতি রয়েছে, সেটি বাস্তবায়নে আফগানিস্তানের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রণালয় বলছে, ‘আমরা মৌলিক শিক্ষা, কমিউনিটি স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আইসিটি সক্ষম পাবলিক সার্ভিস ডেলিভারিসহ বিভিন্ন ক্ষেত্রে আফগানিস্তানের সাথে আমাদের সেরা অনুশীলন ভাগ করে নেয়ার জন্য প্রস্তুত।’
এতে বলা হয়, বাংলাদেশি এনজিওগুলো গত ২০ বছর ধরে আফগানিস্তানে সফলভাবে কাজ করছে।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আফগানিস্তানের জনগণের ওপর তাদের দেশ পুনর্গঠন করা এবং ভবিষ্যতের গতিপথ নিজেরাই নির্ধারণ করবে।’
এছাড়াও বাংলাদেশ বিশ্বাস করে যে, একটি গণতান্ত্রিক এবং বহুত্ববাদী আফগানিস্তান তার জনগণের দ্বারা নির্বাচিত দেশটির স্থিতিশীলতা ও উন্নয়নের একমাত্র নিশ্চয়তা। এক্ষেত্রে বাংলাদেশ নিজেকে সম্ভাব্য উন্নয়ন সহযোগী এবং আফগানিস্তানের বন্ধু মনে করে।