ভগ্ন হৃদয় নিয়েই রোনালদোদের হারাল বার্সেলোনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

খেলা ডেস্ক

মৌসুমের শুরুতে প্রতি বছর হোয়ান গাম্পার ট্রফি আয়োজন করে বার্সেলোনা। এ প্রীতি ম্যাচে গত কয়েক বছরে সহজ সব প্রতিপক্ষ থাকায় খুব একটা আগ্রহ জন্মায়নি। কিন্তু এবার এ ম্যাচ নিয়ে আগ্রহের পারদটা চড়াই ছিল। বার্সেলোনা যে এবার প্রতিপক্ষ হিসেবে এক রাঘব বোয়ালকেই টেনে এনেছিল। গাম্পার ট্রফিতে কাতালান কোনো দল নয়, জুভেন্টাসকেই আমন্ত্রণ জানিয়েছিল তারা।

তাই বেশ আগ থেকেই এ ম্যাচ নিয়ে উত্তেজনা। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দুবার দেখা হয়েছিল দুই দলের। এর মধ্যে করোনা নিষেধাজ্ঞায় এক ম্যাচ খেলা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। তাই সময়ের সেরা দুই খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা এক ম্যাচ দেখেই তৃপ্ত থাকতে হয়েছিল সবাইকে। নতুন মৌসুমের শুরুতেই আরেকটি মেসি-রোনালদো দ্বৈরথ দেখা যাবে তাই নিয়ে উত্তেজিত হয়েছিলেন সবাই। কিন্তু তা আর হলো কই, গতকাল রাতে ম্যাচ। ওদিকে দুপুরেই আনুষ্ঠানিকভাবে অশ্রুভেজা চোখে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি।

 

মেসির বিদায়ের পর দলের অধিনায়কত্ব বুঝে নিয়েছেন সের্হিও বুসকেতস। অধিনায়ক হিসেবে শুরুটা খারাপ হয়নি তাঁর। জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনা।

 

জুভেন্টাস কাল পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছিল। মূল একাদশে ক্রিস্টিয়ানো রোনালদো, আলভারো মোরাতা, ম্যাতিয়াস ডি লিখট, ফেদেরিকো বের্নারদেস্কিরা ছিলেন। বদলি হিসেবে নেমেছিলেন ইউরো জেতা কিয়েলিনি, বোনুচ্চি, কিয়েসারা। তবু এস্তাদি ইয়োহান ক্রুইফে লিওনেল মেসিকে ছাড়াই দাপট দেখিয়েছে বার্সেলোনা। মেসির অনুপস্থিতি ঢাকতে যার ওপর সবচেয়ে ভরসা কোচ রোনাল্ড কোমানের, সেই মেম্ফিস ডিপাই গোল করেছেন ৩ মিনিটেই।

 

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়েছেন মার্টিন ব্রাথওয়েট ও রিকি পুচ। তবে জয়ের পর ঠিকই মেসিকে নিয়ে হাহাকারের কথা জানিয়ে দিয়েছেন জেরার্দ পিকে, ‘মেসির বিদায়ের কারণে দলের মন ভেঙে গেছে। আক্রমণে আমরা জাদু হারাচ্ছি, কিন্তু আমাদের সামনে এগোতে হবে, সমর্থকেরা আমাদের কাছে অনেক কিছু আশা করে।’

 

মেসির বিদায়ের পেছনে একজনের দায়ই দেখছেন পিকে। ক্লাবকে আর্থিকভাবে দেউলিয়ার মুখে ফেলে যাওয়া সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউকে আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন এই ডিফেন্ডার, ‘সর্বকালের সেরা খেলোয়াড়কে হারালাম আমরা। এটা আমাদের ব্যথা দিয়েছে, ওকেও ব্যথা দিয়েছে। আমি পুরো গল্পটা জানি না। দুই পক্ষ থেকেই বলা হয়েছে এটা কিছু অঙ্কের ব্যাপার…গত কয়েক বছরের ম্যানেজমেন্ট এ অবস্থার কারণ, কিন্তু ইতিহাস দেখিয়েছে আমরা এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে জানি।’

 

মেসির বিদায়ের পর জাদুকরী সব মুহূর্ত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন পিকে। এমন অবস্থায় প্রতিপক্ষকে হারানোর জন্য শক্তি খুঁজে নিতে চাইছেন অন্য কোথাও, ‘মানুষ স্টেডিয়ামে আসতে চায় এবং আমাদের এই সমর্থকদের উল্লাস করার সুযোগ করে দিতে হবে। আমাদের জিততে হবে এবং তাদের ভালো কিছু উপহার দিতে হবে। আমাদের সমর্থকদের সাহায্য প্রয়োজন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023