ডেস্ক রিপোর্ট
দিনাজপুরের হিলিতে মনিষা খাতুন (৯) নামের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রোজিনা খাতুন (২৭) নামের এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়ে হত্যার বিচার দাবি করেছে বাবা-বোনসহ স্থানীয়রা।
গতকাল শুক্রবার উপজেলার বৈগ্রাম নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওইদিন সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। থানায় মামলা দায়েরের পর আজ শনিবার দুপুরে অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মনিষার বাবা বলেন, আমার মেয়ে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কারণে তার মা শুক্রবার সকালের দিকে বাড়ির সামনে বেদম মারধর করে। এক পর্যায়ে মেয়ে গুরুতর আহত হলে সে নিজেকে বাঁচানোর জন্য মেয়েকে গলায় রশি দিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে মনিষাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা খারাপ হলে ডাক্তার দিনাজপুর নিয়ে যেতে বলেব। সেখানে চিকিৎসা অবস্থায় আমার মেয়ে মারা যায়। আমি আমার স্ত্রীর ফাঁসি চাই।
স্থানীয় সিদ্দিকুর রহমান রবিন বলেন, সন্তানের নিরাপদ স্থানই হলো মায়ের কোল। সেই মায়ের হাতে মনিষাকে মরতে হলো। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
হাকিমপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগে রোজিনা খাতুন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।