স্পোর্টস ডেস্ক
আগেই জানা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কাই সত্যি হলো! বৃষ্টির কারণে অজিদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিটি যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। বেলা সাড়ে পাঁচটায় টস হওয়ার কথা থাকলেও যথাসময়ে টস হচ্ছে না!
শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের ড্রেসিংরুমের সামনে নকিং করতে দেখা গেছে। তবে পাঁচটার পর বৃষ্টি বাড়ায় দুই দলই ড্রেসিংরুমে ফিরে গেছে। বৃষ্টি নামার আগে সবগুলো উইকেট কভার দিয়ে ডেকে রেখেছেন মাঠকর্মীরা। তবে কোন কারণে ম্যাচটি মাঠে গড়ালেও পূর্ণ ওভার খেলা হওয়ার সম্ভাবনা কমই।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারিয়েছে বাংলাদেশ। আজ জিতলেই অজিদের বিপক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো সিরিজ জেতার উৎসব করার সুযোগ লাল-সবুজ জার্সিধারীদের। কিন্তু বৃষ্টির বাঁধায় হয়তো সিরিজ জয়ের মিশনটা দীর্ঘায়িতই হতে যাচ্ছে!
বিশ্বকাপ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না। তার মধ্যে বিশ্বকাপে খেলা চার ম্যাচেই বাজেভাবে হারতে হয়েছিল। এমন পরিসংখ্যান সঙ্গী করেই শুরু হয়েছিল বাংলাদেশের টি-টোয়েন্টি মিশন। সেই মিশনে সফরকারীদের অহং চূর্ণবিচূর্ণ করে দিয়েছে স্বাগতিকরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই মাহমুদউল্লাহরা অজিদের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। বিশেষ করে, বাংলাদেশের বোলারদের সামনে সফরকারী ব্যাটসম্যানরা রীতিমতো খাবি খাচ্ছেন।
প্রথম ম্যাচে নাসুম আহমেদের ঘূর্ণিতে ১০৮ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমানের কাটার-স্লোয়ারের সামনে ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে কৌশলে ব্যাপক পরিবর্তন আনতে পারে সফরকারী দল। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। জয়ের দেখা পেতে মরিয়া অস্ট্রেলিয়া বৃহস্পতিবার কঠোর অনুশীলন করে কাটিয়েছে। যেভাবেই হোক মোস্তাফিজ, নাসুম, সাকিবের বিপক্ষে জিততেই হবে!