ডেস্ক রিপোর্ট
ভূমধ্যসাগরের তিউনিসিয়া সমুদ্র উপকূলে ইউরোপ অভিমুখী নৌকাডুবির ঘটনায় বাংলাদেশসহ চারটি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা প্রকাশ করেছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি।
শনিবার তিউনিসিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
তিউনিসিয়ার কোস্টগার্ড উপকূল থেকে বিধ্বস্ত ওই নৌকাটি থেকে অন্য ৮৪ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশ, সুদান, মিসর, ইরিত্রিয়া ও চাদের নাগরিক রয়েছেন। তবে নিখোঁজদের মধ্যে বাংলাদেশি কয়জন রয়েছেন তা জানা যায়নি।
তিউনিশিয়া রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ বলছে, গত ২৮ ও ২৯ জুন লিবিয়ার জুয়ারা উপকূল দিয়ে অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগরে যাত্রা করেছিল নৌকাটি। পরে ভূমধ্যসাগরে ডুবে যায় নৌকাটি। উদ্ধার ব্যক্তিদের জারজিসে নিয়ে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়া উপকূল অহরহ ব্যবহার করেছে মানবপাচারকারীরা। আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে।