মাহবুবের ওপর ক্ষোভ ঝাড়লেন সিইসি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ওপর ক্ষোভ ঝাড়লেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা। মঙ্গলবার জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে, মাহবুব তালুকদারে সামনেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 

নূরুল হুদা বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনকে হেয়, অপদস্ত ও নিচে নামানোর জন্য যা করা দরকার, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সবই করে চলেছেন।’

 

তিনি অভিযোগ করে বলেন, ‘ব্যক্তিগত স্বার্থে ও উদ্দেশ্য প্রণোদিতভাবে’ ইসিকে ‘হেয়’ করে চলেছেন কমিশনের এই সদস্য।

 

মাহবুব তালুকদারের অভ্যাস ইসির নেগেটিভ দিক বের করা উল্লেখ করে নূরুল হুদা বলেন, ‘মাহবুব তালুকদার সাহেবের অভ্যাস ইসির যা কিছু নেগেটিভ দিক আছে, তা পকেট থেকে একটা কাগজ বের করে পাঠ করতেন। আজকেও এর ব্যতিক্রম হয়নি।’

 

ভোটার দিবস উপলক্ষ্যেও মাহবুব তালুকদার একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন মন্তব্য করে সিইসি বলেন, ‘দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি (মাহবুব তালুকদার) কাজ করেন না, ব্যক্তি স্বার্থে ও একটা উদ্দেশ্য সাধন করার জন্য এ কমিশনকে অপদস্ত করার জন্য যতটুকু করা দরকার, ততটুকু উনি করেছেন।’

 

ক্ষোভের সঙ্গে নূরুল হুদা বলেন, ‘এ নির্বাচন কমিশনে যোগ দেওয়ার পর যতগুলো সভা হয়েছে, সব সময় মাহবুব তালুকদার একই আচরণ করে আসছেন। এ কমিশনের আরও এক বছর মেয়াদ আছে, তিনি হয়ত তা চালিয়েই যাবেন।’

 

উল্লেখ্য, সিইসির ঠিক আগেই অনুষ্ঠানে নিজের লিখিত বক্তব্য পড়ে শোনান মাহবুব তালুকদার। সেখানে তিনি বরাবরের মতই দেশের নির্বাচন পরিস্থিতি এবং কমিশনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন।

 

মাহবুব তালুকদার বলেন, ‘এক কেন্দ্রিক স্থানীয় নির্বাচনের তেমন গুরুত্ব নেই। নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন অনিয়মের মডেল তৈরি হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে এখন যে ধরনের নির্বাচন হচ্ছে, তার মান আরও নিম্নগামী হওয়ার আশঙ্কা রয়েছে।’

 

মাহবুব তালুকদারের এই বক্তব্যর পর সিইসি নূরুল হুদা বিস্ফোরক ওই মন্তব্যে করেন। তবে এ বিষয়ে অনুষ্ঠানের পর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের প্রতিক্রিয়া জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023