রাত পোহালেই ৫৫ পৌরসভায় ভোট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাত পোহালেই চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে ৫৫টি পৌরসভায় ভোট হবে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এসব পৌরসভায় ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে প্রায় অর্ধেক পৌরসভায় ব্যালট পেপারে এবং অর্ধেক পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হবে।

 

চলমান পৌরসভা নির্বাচনের বিভিন্ন ধাপে আচরণ বিধি লঙ্ঘন ও সহিংস ঘটনার প্রেক্ষাপটে ইসি চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচনে সংঘাত কমাতে নানা উদ্যোগও নিয়েছে। ডিসি, এসপি, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও করেছেন নির্বাচন কমিশনাররা। সহিংসতার কারণে কালকিনি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। অন্তত ১২টিতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।সব মিলিয়ে ইসি আশা করছে, সামনের নির্বাচনগুলোতে বড় ধরনের সহিংস ঘটনা ঘটবে না। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য দুই কমিশনার। ওই অনুষ্ঠানে সিইসি কে এম নূরুল হুদা বলেন, আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে। কমিশনের ব্যবস্থাপনার দিক থেকে যা যা দরকার সেগুলো ঠিকঠাক করেছি। আমি আশা করি, এরপর থেকে ভোটগুলো সুষ্ঠু হবে, রক্তপাত হবে না।

 

 

জানা যায়, এ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ৫০১ জন নির্বাহী ও ৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকছেন। আর পুলিশের ১৬৭টি মোবাইল ও ৫৫টি স্ট্রাইকিং ফোর্স, ১৬৭টি র‌্যাবের টিম, প্রত্যেক পৌরসভায় গড়ে দুই প্লাটুন বিজিবি ও উপকূলীয় এলাকায় প্রতি পৌরসভায় এক প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ১২টি পৌরসভায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অতিরিক্ত র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

চতুর্থ ধাপে নির্বাচনের জন্য ৫৬টি পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি। পরে সোনাইমুড়ি ও ত্রিশাল পৌরসভা এ ধাপে যুক্ত হয়। অপরদিকে হাইকোর্টের আদেশে নাটোর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। ফেনীর পরশুরাম পৌরসভা সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় এখানে ভোটের প্রয়োজন হবে না। জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচন কার্যক্রম বন্ধের পর ফের তা চালু হয়। এছাড়া সহিংস ঘটনায় মাদারীপুরের কালকিনি পৌরসভার ভোট স্থগিত করে ইসি। ফলে সবমিলিয়ে রবিবার ৫৫টিতে ভোট হচ্ছে।

 

প্রথম ধাপের তফসিলে ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভোট হয়। তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোট হয় ৩০ জানুয়ারি। আর পঞ্চম ধাপের ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।

 

ভোট নিয়ে ইসি সচিব

 

এদিকে শনিবার বিকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার  সুন্দর, স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

 

সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসারের সমন্বয়ে ১১ থেকে ১৩ জন সদস্য থাকবেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড থাকবে। রিটার্নিং কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে র‌্যাবের ১৭টি টিম ও ২৭ প্লাটুন বিজিবি বাড়িয়ে দিয়েছে।

 

নির্বাচন নিয়ে জরুরি বৈঠক প্রশ্নে জবাবে সচিব বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে, ইভিএম কেন্দ্রে পৌঁছেছে কীনা—অর্থাৎ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি, প্রস্তুতি ভালো আছে।

 

বৈঠকে বিশেষ কোনও নির্দেশনা দেয়া হয়েছে কীনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে। রিটার্নিং কর্মকর্তাদের স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ইতোমধ্যে কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিগত নির্বাচনে যেসব অনিয়ম ছিল—আগের এবং পরের যেটাই বলেন নির্বাচন কমিশনের একটাই অবস্থান। সেটা হলো সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করা। এ নির্বাচনে ডোর টু ডোর পার্টিসিপেশন থাকে। তৃতীয় ধাপে দু, তিনটি জায়গায় সমস্যা হয়েছে। কমিশন সেগুলোর বিষয়ে ওয়াকিবহাল। সেগুলোর প্রতিবেদন এসেছে। সেগুলো কমিশনের কাছে পেশ করা হবে।

 

গোপন কক্ষে ভোটার ছাড়া তৃতীয় ব্যক্তিদের উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, নিয়ম অনুযায়ী যেন নির্বাচন পরিচালনা করা হয় সেজন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ডিআইজি, ডিসি, এসপি ও রিটার্নিং কর্মকর্তাদের একই ম্যাসেজ দিয়েছে যে নির্বাচনে যেন অন্য কোনও কিছু না ঘটে। নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন চায়। এজন্য যা যা করার তাই করতে হবে—সেই নির্দেশনা দিয়েছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রতিটি ভোটকেন্দ্রকে গুরুত্ব দিচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023