সারাদেশে বঙ্গবন্ধুর ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের বিভিন্ন জেলা উপজেলায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ম্যুরালের (ভাস্কর্য) নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

 

সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে জেলা-উপজেলা সদরে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপনের অগ্রগতির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

কয়েকটি ধর্মভিত্তিক দলের ভাস্কর্যবিরোধী অবস্থান এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই আদালতের এ নির্দেশনা এল।

 

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন- আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ। তার সঙ্গে ছিলেন- মো. জগলুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

 

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে একাত্তরের যে দিনটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ঘোষণা করে এক মাসের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া এই মুজিববর্ষের মধ্যেই দেশের সব জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশ দেয়া হয় ওই আদেশে।

 

এদিকে বঙ্গবন্ধুরসহ সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে আরেকটি শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023