রংপুর প্রতিনিধি
রংপুর মহানগরীর স্টেশন রোড এলাকায় বসুন্ধরা আবাসিক হোটেল থেকে আরজিনা বেগম (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হোটেল মালিকের ভাইসহ তিনজনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, হত্যা করে মরদেহ রেখে পালিয়ে গেছে স্বামী।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আরজিনা বেগম এবং সাইফুল ইসলাম নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে বসুন্ধরা হোটেলের ৫ নম্বর রুমে ওঠেন। শুক্রবার সকাল ৮টার দিকে সাইফুল ট্রেনের টিকিট কেনার জন্য বের হয়ে স্টেশনের দিকে যান। কিন্তু আর ফিরে আসেননি।
এরই মধ্যে হোটেলের আয়া রুম পরিষ্কার করতে গিয়ে আরজিনার মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় বসুন্ধরা আবাসিক হোটেল মালিকের ভাই মফিজুল ইসলাম, হোটেল ম্যানেজার মোহাম্মদ আলী ও শাহ আলমকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, হোটেল ওঠার সময় চিকিৎসার জন্য রংপুর আসার কথা হোটেল কর্তৃপক্ষকে বলেছিল। হোটেলের রেজিস্ট্রারে তাদের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার ফারাক্কা গ্রাম লেখা আছে।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে একটি মামলা করা হবে।