মেয়েদের আইপিএল খেলতে আরব আমিরাতে গেলেন সালমা-জাহানারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক

নারী আইপিএলের (উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ) তৃতীয় আসরে খেলতে আজ (বুধবার) আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে করে উড়াল দেন তারা। বিমানে চড়ার আগে জাহানারা ফেসবুকে লিখেছেন, ‘দুবাই যাচ্ছি উইমেন্স টি-টোয়েন্টির চ্যালেঞ্জ নিতে। আমার জন্য সবাই দোয়া করবেন।’

 

আইপিএলে সামলা খেলবেন ট্রেইলব্ল্যাজার্স আর জাহানারা খেলবেন ভেলোসিটি দলের হয়ে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের অভিজ্ঞতা নিতে যাচ্ছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা। আগামী ৪ঠা নভেম্বর আসরের প্রথম ম্যাচে জাহানারার ভেলোসিটি মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপারনোভার। পরদিন একে অন্যের মুখোমুখি হবেন সালমা-জাহানারা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ই নভেম্বর।

আইপিএল নিয়ে নিজ প্রত্যাশার কথা জানাতে গিয়ে সালমা বলেন, ‘অনেক বড় একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। ভালো করে যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। অলরাউন্ডার হিসেবে দুই বিভাগেই নিজের সেরাটা দেখাতে চাই।’

 

জাহানারার প্রত্যাশা এবার চ্যাম্পিয়ন হওয়া। গতবার তার দল ভেলোসিটি ফাইনালে হেরে গিয়েছিল সুপারনোভার কাছে। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান সংগ্রহ করে ভেলোসিটি। হারমানপ্রিত কাউরের হাফসেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৪ উইকেটে জয়ী হয় সুপারনোভা।

 

ফাইনালে ভেলোসিটির সেরা বোলার ছিলেন জাহানারা। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। নিজের পরপর দুই ওভারে নাতালি সিভার ও সোফি ডিভাইনকে বোল্ড করেন এই পেসার।  জাহানারা বলেন, ‘গতবার শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছিলাম। আফসোস রয়ে গেছে নিজের শেষ ওভারটা নিয়েও।’ ইনিসের ১৬তম ও নিজের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে ১৩ রান দিয়েছিলেন জাহানারা। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে পড়লে নিজেকে নিজের সেরাটা দিয়ে দলকে জেতাতে চেষ্টা করবো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023