‘কড়া নিরাপত্তায়’ শুরু বাফুফে নির্বাচন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক

অপেক্ষার পালা শেষ। নির্বাচনী জ্বরে কাঁপছেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। সকালে এজিএম শেষে দুপুর ২টা থেকে শুরু হয়েছে নির্বাচন। ২১ পদকে কেন্দ্র করে ৪৭জন প্রার্থী অংশ নিচ্ছেন এই নির্বাচনে।

 

করোনাকালের এই নির্বাচনে আছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তার জন্য থাকবে পুলিশ-এনএসআইসহ বাফুফের নিজস্ব নিরাপত্তা। ভোটগ্রহণ শুরু হয়েছে দুপুর ২টায়, শেষ হবে সন্ধ্যা ৬টায়। গতকাল নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন।

 

প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘আমরা বাফুফে ভবন ও নির্বাচনের ভেন্যু পর্যবেক্ষণ করেছি। যেখানে প্রয়োজন পরামর্শ দিয়েছি। দুপুর ২টায় শুরু হবে ভোটগ্রহণ, শেষ হবে ৬টায়। এরপরই শুরু হবে গণনা। আশা করি, কংগ্রেস হলে যেভাবে ভোট হয় সেভাবেই হবে। পুরো সময়ে ডেলিগটরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। ভোট দেবেন, ফলাফল দেখবেন। পুলিশ-বাহিনী ও এনএসআই থাকবে নিরাপত্তায়। আমাদেরও একটি নিরাপত্তা দল থাকবে। কোভিড সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। লাইন ধরার সময় আলাদা চিহ্ন থাকবে। থাকবে হাত ধোয়ার ব্যবস্থাও। ভোটিং কংগ্রেস হলের ভেতর কর্তৃপক্ষ ছাড়া কারও কাছে কোনো মোবাইল ফোন থাকবে না। এই হচ্ছে আমাদের আয়োজন।’

 

বহুল আলোচিত এবারের নির্বাচনে ২১ পদের জন্য লড়বেন ৪৭ প্রার্থী। দুটো প্যানেল প্রকাশ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে। একটি হলো কাজী সালাউদ্দিন- সালাম মুর্শেদীর সম্মিলিত ফুটবল পরিষদ, অন্যটি হলো শেখ আসলাম-মহির নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ। এ ছাড়া প্রেসিডেন্ট পদে সালাউদ্দিনের বিপক্ষে লড়বেন শফিকুল ইসলাম মানিক। তিনি লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। বর্তমান সহ-সভাপতি তাবিথ আউয়ালও একই পদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এই নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

 

দ্রুত সময়ে ভোট সংগ্রহের জন্য থাকবে আটটি বুথ। ভেতরের নিয়ম-কানুনও ঠিক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের তিন সেট ব্যালট পেপার রয়েছে। আমরা এক সেট ব্যবহার করব। প্রতি সেটে ১৩৯টি ব্যালট। প্রথম ভোটের জন্য আমরা ১৩৯ কে দুই ভাগ করব। একটি ৭০, অপরটি ৬৯। ভোট তাড়াতাড়ি করার জন্য দুই টেবিল দিক থেকে আট বুথে ভোটগ্রহণ চলবে। একদিক থেকে ৭০টা, আরেক দিকে ৬৯টা নাম ডাকা হবে। তারা ব্যালট নিয়ে যাবেন, একসঙ্গে চারটা ব্যালট দেওয়া হবে। আগে একটা করে দেওয়া হতো। চারটা ব্যালট নিয়ে বুথে ঢুকবেন। ভোট দেওয়া শেষে তিনি ভাঁজ করবেন। বাক্সে ঢালার আগে তিনি দেখবেন কোন ভোটটা কোন বাক্সে দিচ্ছেন। সভাপতির ভোট যাতে সভাপতির বাক্সে পড়ে। সিনিয়র সহ-সভাপতির ভোট যাতে নির্ধারিত বাক্সে পড়ে। ভোটারদের সুযোগ করে দিতে আমরা সাদা ব্যালট পেপারের পেছনে পদের নাম লিখে দিয়েছি। যাতে ভাঁজ করলে সভাপতি নামটা উপরে দেখা যায়। এই প্রক্রিয়ায় ভোটগ্রহণের পর ভোট গণনা করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023