স্টাফ রিপোর্টার, ঢাকা
নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ইয়াম খন্দকার জনস্বার্থে এ রিট করেন। রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
ব্যারিস্টার মার ইয়াম খন্দকার বলেন, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রিটের পক্ষে আদালতে শুনানি করবেন।